Friday, November 9, 2012

মরিচিকা ১ম পর্ব। ত্রিভুবনজিৎ মুখার্জী

মরিচিকা 
ত্রিভুবনজিৎ মুখার্জী
পুরন লুনাটা নিয়ে আদিত্য বাবু বেরিয়ে পডলেন । আজ পেন্সন পাওয়ার তারিখ । তখন পেন্সন এর টাকা আনতে ব্যাঙ্কে যেতে হত ।   
-      স্ত্রী বললেন,  গাডীটা নিয়েই যাওনা !
-      আদিত্য ঃ না থাক । পেট্রোল এর যা  দাম বাডছে তাতে রিটায়ারের পর  আর গাডির সখ না করাই ভাল। 
-      -কেন ? রেক্স  তোমায় টাকা পাঠায় না ? আমেরিকা থেকে তোমার একাউন্টে ডলার তো ফি মাসে আসে । তবে কেন কষ্ট করবে তুমি ! খেয়ে যাওনা কিছু ! ওরম না খেলে শরীর খারাপ হলে কে দেখবে ? আমার কথাত তোমার কাছে টোকো বাশি পান্তা !
-         - দ্যাখ কোথাউ বেরুবার সময় গজ গজ করনা । ভাল লাগেনা তোমার ওই একঘেয়ে আমেরিকা র কথা । আজকাল কার বাডিতে কোন ছেলেমেয়ে  আমেরিকা না গিয়ে আছে ! আমাদের এ পাডাতে প্রত্যেকের ঘরে ঘরে হয় ইঞ্জিনীয়ার নয় ডাক্তার । হা ঘরের মত রাস্তায় ব্যাজ ব্যাজ কোরনাত।
-      “ছেলে ! বাবার মুখে চুন কালি দিয়েছে ; ছেলে !!”  মনে মনে গজরাতে লাগ্লেন আদিত্য বাবু ।   
-      -ওমা আমিকি তাই বোল্লাম নাকি?  কথার কি ছিরি দ্যাখ ? রিটায়ারমেন্টের পর  কি সবাই এই রকম কথা বলেন ! কিছু মুখে দিয়ে যাও না ?  
আদিত্য বাবু কথা কানে না দিয়ে জলখাবার না  খেয়েই চলে গেলেন । ছেলের বিয়ের কথা জানার পর ওর কাছ থেকে এক পয়সা নেওয়া বন্দ করে দিয়েছেন।
সেদিন ব্যাঙ্কের পুরন বন্ধুদের সঙ্গে দ্যাখা । চা সিগারেটের ফোয়ারা ছুটল । পকেটে প্রথম পেন্সেন জদিও নগন্ন্য মাত্র কিন্তু আদিত্য বাবুর কোন অভিজোগ নেই এ ব্যাপারে ।কারন রিটায়ারমেন্টের পর স্টেট্ ব্যাঙ্কে খুব কম টাকা পেন্সন দেয় । গ্রাচুইটির টাকা সব ফিক্সড ডেপসিট করে দিয়েছেন আদিত্য বাবু। কিছু বন্ধু ; ছেলের বিয়ের কথা পাডলেন । মেয়ে গছানোর লোকের ত অভাব নেই !  সব্বাই টোপ ফেলে আছেন যদি এই সুবাদে মেয়েকে গছানো যায়। ওসব কথায় আমল দিলেন না । ও প্রসংগ এডিয়ে ওন্য কথা বলতে লাগ্লেন । কারন ওনার ছেলে এক আমেরিকান সহ কর্মিকে বিয়ে করে ফেলেছে ।মা’কে  যানিয়েছিল বাবকে যানায় নি। সেই থেকে আদিত্য বাবুর ছেলের ওপর অভিমান ।
-         দুটো বেজে গিয়েছে , অর্চনা দেবি ঘরে পায়চারি কোরতে কোরতে বললেন । মানুস টার এখনো   আসার সময় হলনা ? ৩ টে বাজল ৪ টে বাজল স্বামির আসার কোনআভাস  পেলেন না । তখন মোবাইল ছিল না । ল্যান্ড ফোন ই ভরসা । কি ভেবে,  ছোট জামাই    কে ফোন কোরলেন ।

মরিচিকা ২য় পর্ব। ত্রিভুবনজিৎ মুখার্জী

   হ্যাল   কে ? মিন্টু বলছো বাবা ? একটু ব্যাঙ্কে বাবার খোঁজ নেবে বাবা । উনি না খেয়ে বাডিথেকে বেরিয়েছেন  এখনো ফেরেন নি ! ৪ টে বেজে গেল কোথায় গেলেন কিছু হদিস পাচ্ছিনা।(মিন্টু , আদিত্য বাবুর ছোট জামাই,  পি এন বে তে স্কেল১ অফিসার। সদ্য কেরানি থেকে অফিসার ) 
-      মিন্টু ।  হ্যাঁ মা ! (আজকাল জামাই বাবা জীবন রা নিজের মায়ের চেয়ে শাশুডী মা’র বেশি ভক্ত) এখুনি দেখছি । স্কুটার নিয়ে মিন্টু বেরিয়ে যায় ।   
মিন্টু ফোন করে ম্যানেজার কে জিজ্ঞেস করাতে উনি বলেন ,  সকলে পেনসন নিয়ে বাডি ফিরে গিয়েছেন। আদিত্য বাবু ত কখন চলেগিয়েছেন । বাডি ফেরেন নি ? মিন্টু র কেমন সন্দেহ হয় । ও সঙ্গে সঙ্গে থানাতে যায় ওখান থেকে যানতে পারে যে, এক ভদ্রলোক এর  মাথায় আঘাৎ লেগেছে ।ওনাকে সম্ভবতঃ একটা অটো রিক্সা পেছন থেকে ধাক্কা দিয়েছে।  উনি  হস্পিটাল এ এমারজেন্সি ওয়ার্ডেতে আছেন ।
মিন্টু এক বন্ধু কে সঙ্গে নিয়ে হস্পিটালে গিয়ে যা  দ্যাখে আকাশ থেকে পডে । ইনি তো শ্বশুর মশাই !  সম্পুর্ন সঙ্গাহীন অবস্থায় বাবা একটা বেঞ্চে শোয়ান । কেউ কোথাউ নেই। একটা গেঞ্জেল পুলিস কনষ্টেবল্ রোগি পাহারা দিচ্ছে ।  বাকি সবাই খেতে গিয়েছেন ।
মিন্টু  , ডাক্তার বাবু কে অধৈর্জ্য  হয়ে জিঙ্গাসা করলো ,” পেসেন্ট আমার বাবা, মানে শ্বশুর মশাই । ওনার অবস্থা কেমন ? ওনাকে এক্ষুনি ট্রিটমেন্ট  করতে হবে । কি ইঞ্জেকশান ওসুধ আনতে হবে তাডাতডি বলুন । ওঁর মাথায় আঘাৎ লেগেছে দেখছি । এখানে কি ন্যুরো সার্জেন আছেন? আমি নার্সিং হোমে নিয়ে যাব। ওনার ছেলে নেই আমি ওনার সব দেখা শুন কোরব। মাকে খবর দি। খুবি ঘাবডে যায় আদিত্য ।এক সঙ্গে এতগুল প্রশ্ন বানে ডাক্তার বিরক্ত প্রকাশ করেন। 
-      কোথায় ছিলেন এতক্ষন? এটা সরকারি ডাক্তারখানা । এক্সিডেন্ট এর কেস্ ।আপনি জানেন না প্যারাফারনালিয়া আছে!  আমরা রেফার করছি ।  আমাদের ন্যুরো সার্জেন নেই এখানে। এস সি বি তে নিয়ে যান নয়তো ডাক্তার বসু ভাল ন্যুরো সার্জেন ওনাকে  দেখান । মাথায় চোট্ টা জো্রে লেগেছে । একটা অটো ড্রাইভার হস্পিটালে নিয়ে আসে । পুলিস ওকে আটকে রেখেছে ।  
-      আমি ; সি ডি এম্ ও কে দ্যখা করতে চাই। আমি ওনাকে এখান থেকে সিফট্ করাতে চাই ।  আমার কথা বলার সময় নেই প্লিজ কিছু করুন । মিন্টু এরমধ্যে অর্চনা  দেবিকে ফোন করেন । সব ঘটনা  জানিয়ে দেন। মা খুব শক্ত মনের মানুষ।  উনি সহজে বিচলিত হন না। কিছুক্ষনের মধ্যে মা চলে আসেন ডাক্তার খানা তে । বড জামাই সুব্রত আর বড মেয়ে বিনা । সকলে এসে পডাতে মিন্টু হাঁফ  ছাডে ।হস্পিটালের কাজ সেরে ওরা আ্যাপোলো হস্পিটালে আদিত্য বাবুকে শিফট্ করান । ওখানে সঙ্গে সঙ্গে আই সি ইউ তে  ভর্ত্তি করার পর ডাক্তার বসু ন্যুরো সার্জেন আসেন । রোগীর চকিৎসা র কোন ত্রুটি হয়না । আমেরিকা তে রেক্স  কে খবর দেওয়া হয় । ও তিন দিনের মধ্যে এসে পৌঁছে যায় । সকলে উদ্গ্রিব কি হবে । রোগী কোমা তে থাকে প্রায় তিন দিন । পরে জ্ঞান আসে ।
এর মধ্যে রেক্স  এসে পডে স্বস্ত্রীক । রেক্স এর আমেরিকান বউ জিনি কিছু কিছু পরামর্স দেয় ডাক্তার কে । কিন্তু বহু চেস্টার পরও আদিত্য বাবুর কোমর থেকে পা ওব্ধি প্যারালিসিস্ হয়ে যায়। প্রায় চার মাস হস্পিটালে রেখে আদিত্য বাবু কে ঘরে আনা হয়। ভেন্টিলেটার  এ থাকার সময় ডাক্তার বলেন বন্দ করলে শেষ আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন সে কি বলে ? রেক্স রাজি হয়  না। বলে যতো টাকা লাগে দোব বাবার চিকিৎসা ভাল করে যেন হয় । তাই হল ।
এর মধ্যে অর্চনা দেবি বাপের বাডির ভাইদের কাছ থেকে কেস্ করে তাদের  জমি বিক্রি বাবদ ১০ লাখ টাকা পান।  তাতে স্বামির চিকিৎসা এবং ঘরের খরচ সব চলে । ব্যাঙ্কের নগন্য মাত্র পেন্ সন এর টাকা দিয়ে আগের ধার দেনা শোধ করেন। রেক্স   ভাল ছেলে তাই মাকে ডলার পাঠাতো। মা সেই টাকা দিয়ে ঘরটা বাডিয়ে তোলেন । তিন তালা ঘর বানান । ভাডা বসান । ভালই ভাডা পেতে লাগেন।ঘরে ঢুকলে আগে ভাডাটে পরে গৃহস্বামি । এর পর পুর্ব কির্তীর ফল ভোগ করেন কারন দুই জামাই ঘরের ভাগ চায় । অগত্যা তাদের চাহিদা পুরনের জন্য ছেলের পাঠান টাকা  দিয়ে দুট ফ্ল্যাট্ কিনে দুই জামাইকে দান করেন।
প্রায় ৫ বছর বেড্ রিডিন থাকার পর আদিত্য বাবুর স্বর্গ বাস হয় । আদিত্য বাবুর বড বউদি ছোট বেলা থেকে ওনাকে মানুস করেন। উনি এসে কান্নায় ভেঙ্গে পডেন। এক ভাই নাটাবাবু আর সকল  ভাইপো এবং অর্চনা দেবির ভাইরা এসে দাঁড়ান (জদিও তাদের সর্বস্য নিয়ে যান ওই বোন) দুই মেয়ে জামাই উপস্থিৎ থেকে কাজ উদ্ধার হয়। পারলৌকিক কাজ আটকায়না কখন ।


                                    
এর পর অর্চনা দেবি ঘর বিক্রি করে চলেজান ছোট মেয়ে জামাই এর কাছে । ছেলে আমার মস্ত বডলোক আর ভাইদের বলেন উনি প্রতিষ্ঠিত । তাই কোন ভাই আমল দেন না। এর পর ছেলের বাচ্চা সাম্লানোর জন্য আমেরিকা একাই যান । ফিরে তাঁর দিদিকে আমেরিকার গল্প শোনান । মাস মাস চলে আমেরিকা আর আমেরিকা র গল্প । দিদি আর থাকতে পারলেন না । তিনিও ভয়যার এর গ্রুপ এর সঙ্গে লন্ডন, গ্রীস, আয়ারল্যন্ড, ভেনিস, ইত্যাদি ঘুরে এলেন টা ১,৫০০০০কা খরচ করে । মানতে হয় ভাই এদের প্রতিযোগিতা আর টাকা অপব্যায়ের সমস্ত রাস্তা খুঞ্জে বার করা।এরা লোকের কাছে বিদেশে ্যাওয়ার গল্প ফাঁদার জন্য সব করতে পারে। 
দিদি এসেই সকল কে টেলিফনে জানায় আমেরিকার কথা । হাঁসব কি কাঁদবো জানিনা । হুঁ হাঁ তে উত্তর সেরে গিন্নী কে বললাম, গিন্নী কি বল, ইউরোপ আমেরকা যাবে নাকি ? 
- রক্ষে কর কাজ নেই ! বলি আদেকলা র হল ঘটি জল খেয়ে খেয়ে গেল প্রান্ টি । 
- আচ্ছা সব বউ রা কি তাদের ননদ কে টিটকিরি দেয় ?
- জানিনা বাপু । জা সত্যি তাই বললাম।এখন তোমার দিদি খারাপ লাগবেই । বেলা হল অফিস যাবেনা?
- না গেলে খাব কি ? আমার ছেলে ত এখনো পডা শেষ করেনি !আরেক বছর পর বি টেক্ শেষ  হবে তার পর এম বি এ যদি করে তো আর ডু বছর । আমার কি ডলার আছে বসে খাব?
- মুখ্যে আগুন ডলারের । দরকার নেই ওরকম ফিরিঙ্গী বউ এর ডলার ! লজ্যা ঘেন্না নেই গো ? 
  পয়সা টা কি এতই বড ? 
- পয়সা ক্যা না করতা ? গিন্নী ওটাই সব বাকি সব ফক্কা। 
ছেলে পাস করলো ভাল ভাবে । এম বি এর কোচিং নিতে শুরু করলো । এরমধ্যে ইনফসিস্ এর লিখিত পরীক্ষা তে ভাল করাতে মাইশুরে জএন্ করল ট্রেনিং এ । ছ মাস পর বেঙ্গালুরু তে ইনফো সিটি তে কাজে জয়েন করলো । ঢুকেই যা মাইনে পেল ভালই । আমার কোন প্রতিক্রিয়াই হল না। ওর মা যথা রিতি টেলিফোনে খবর নিত । মাস গেলে টেলিফোন এর বিল বাডতে লাগলো। নতুন চাকরি র প্রথম মাইনেতে ছেলে একটা মোবাইল কিনে দিল। তখন মোবাইলের অনেক দাম ছিল ।  ভালই লাগলো তবে আমার এই অপচয় ঠিক পছন্দ নয়। ৭৫০০ টাকা একটা মোবাইল্ এর দাম। নাইবা রাখলাম মবাইল   !   --ছেলে বলে, তোমার ল্যান্ড ফোন এর বিল্ টা তো বাঁচলো । 
-তোমার ওই হাড ভাঙ্গা পরিশ্রমের টাকায় আমার সখ্ এর কোন ইচ্ছে  নেই। টাকা জমাও এম বি এ র জন্য । 
- ঠিক আছে। 
- কিছুদিন পরেই ছেলে প্রজেক্ট এর কাজে কম্পানি থেকে আমেরিকা গেল । এক বছরের জন্য । 
রাত্তির ১২ টার ফ্লাইট্ । নেতাজী সুভাশ এয়ারপোরট্ থেকে দিল্লী, তারপর দিল্লী থেকে ফ্রাঁকফুট্ হয়ে নিউ ইয়রক্। আমি আর গিন্নী শুধু ভাবি কবে ফিরবে ! ব্রহ্মনের ছেলে ওখানে কি বলতে কি খাবে কে জানে? গিন্নীর পুজ বেডে গেল । উপোস তাপাস । আজ সংক্রান্তী কাল আমাবশ্যা লেগেই রইল । আমার ভয় আমেরিকান বউ না ঘরে তোলে ? যা জুগ পডল ?
- মনের কথা মনে রেখে আছি । হঠাৎ দিদির ফোন , হ্যাঁরে তোর ছেলে আমেরিকা গেল খবর দিস নি?
 - দেওয়ার মত খবর হলে নিশ্চই  দিতাম।
- ও! তা কোন্ টা তোদের দেওয়ার মত খবর শুনি!! 
- আগে মানুষ হোগ তার পর নিশ্চই দোব।
- হ্যাঁরে আমাদের পাডার সম্পাকে মনে আছে ?
- কে সম্পা ? না মনে নেই । কেন ?
- ওর সঙ্গে আমাদের ছেলে কে খুব মানাবে।
- এবার বুঝলি তো, কেন তোদের বলিনা কিছু !
- ২২ বছরের ছেলে কে তোরা বিয়ে দিয়ে গলায় একটা অপগন্ড মেয়ে ঝোলাবি? 
- এখন তো বলছি না ?
- প্রয়োজন নেই । আগে এম বি এ  করুগ । 
- ওর এম বি এর খরচ ওরাই দেবে।
-  দিদি প্রসঙ্গ বদলা । আমার এ সব মেটেরিয়ালিস্টিক্ কথা  শুনতে একদম ভাল লাগে না।
- আমি অফিস্ যাচ্ছি । ছাডলাম । 
- ছেলেকে ফোন করব যে তার উপায় নেই । সব হাঁ করে কথা শুনবে। আমাদের মনের অবস্থা কেউ বোঝে না। 
এক বছর ছ মাস পর ছেলে ফিরল। রাত্তির ২ টোর সময় ফ্লাইট্ এল। ওর মা'র চোখে জল। খুব ভাল চেহারা হয়ে গিয়েছে । একেই ফর্সা তাই ওখানকার হাওয়া বাতাসে খুব হ্যান্ডসাম লাগছিল । আসলে ছা পোসা বাঙ্গালির ঘরে একটু কেউ উন্নতি করলে ঢোল বাজানোর লোকের অভাব থাকেনা। এটাই বাঙ্গালির সবচেয়ে বাজে গুন। কস্মেটিক্স ইলেক্ট্রনিক্স এর জিনিস বোঝাই। সবাই এয়ারপোর্ট থেকে রিসিভ্ করে ঘরে ফিরলাম । ছেলের জন্য পাঁচ লিটার মিনারেল ওয়াটার কিনে রেখেছিলাম কারন ওখান থেকে এলেই আগে পেটের গন্ডগোল দ্যাখাদেয় ।
- বাডিতে মা রকমারি রান্না করেছিল। অনেক দিন পর ছেলেকে পেয়ে আনন্দে আত্মহারা । 
-না ছেলে আমার খুব ভাল। ওখানে নিজে হাতে রেঁধে খেত। মাইক্রো ওভেন এর রান্না।  
-ছেলে বল্ল বাবা অখানে সব পাওয়া জায়, শুধু মানুষ পাওয়া জায় না। সব মেসিনের মত।
-তা যে দেশের যা নিতি? তুমি আমি কে? ওদের দেখার জন্য সব হুড হুড করে যাচ্ছে।
- বাবা ম্রিগাঙ্ক আর ম্রিনালিনির সঙ্গে নিউ ইয়র্কে দেখা করলাম । ওরা পার্টি দিল।
- হ্যঁারে পার্টি তে মদ গিলিস্নিতো?
- হ্যাঁ।
-মানে?
-মানে আবার কি ? সকলে খেল আমিও খেলাম! মুচকি হেন্সে বলল।
-আহ্! কি হচ্ছে ? সুরু হল তো? আমি চোটে গেলাম ! আরম্ভ হল এক ঘেয়ে কথা।
-তুমি কেন চিন্তা কর বলত ? আমার ওতে আলার্জি ।  
ক্রমশঃ- 



                                    

Sunday, November 4, 2012

ওকে করে তুলুন গৃহকর্মনিপুণ

ওকে করে তুলুন গৃহকর্মনিপুণ
এই যে নিয়ম করে সকালবেলায় ঘুম থেকে ওঠা, আর রাতে গুটি গুটি পায়ে বিছানার দিকে রওনা দেওয়া এর মাঝে সারা দিনে বাড়ির যে সব কর্তব্যকর্মগুলো স্বামী-স্ত্রীকে পালন করতে হয়, তার একটা লিস্ট বানিয়েছেন কেউ কখনও? না করলে অবশ্যই করবেন। এবং তাজ্জব হবেন। মেয়েদের কাজের ফর্দ ফুরোতেই চাইবে না। আর পুরুষটির বেলায় ঢ্যাঁড়া। দাঁতে পেনসিল চেপে তারা ভেবেই পাবে না, তাদের আসলে কী কী ঘরের কাজ করতে হয়! ভাবছেন, এ সব তো পুরোপুরি নারীবাদী চিন্তাধারা? না, এমন নয় মোটেই। আসলে, ছোট থেকেই আমরা এক ধরনের ভাবনায় অভ্যস্ত হয়ে গিয়েছি। সংসার, বাড়িঘর মেয়েরাই সবচেয়ে ভাল সামলাতে পারে। তারা বড়ই গোছানো, পরিপাটি, ঠান্ডা মাথা। সংসার নামক জটিল আবর্তের ঘাঁতঘোঁতগুলো একা হাতে ভালই ম্যানেজ করে নেয়। পুরুষদের অমন সূক্ষ্মতাবোধ নেই। তারা বরাবরই আত্মভোলা গোছের। বাইরের কাজেই তাদের মানায়। এর বাইরে যারা সারা ক্ষণ বউয়ের সঙ্গে হাতে হাতে ঝুটঝামেলা সামাল দেয়, মুখে তাদের একগাল প্রশংসা উপহার দিয়েছি। তবে, মুখ চাপা দিয়ে ফিক করে হেসে ‘মেয়েলি’ বলতেও ছাড়িনি। ফলে হয়েছে কী? ঘরের বরটিকে এন্তার আশকারা দিয়ে মেয়েরা নিজের ওপর যাবতীয় খুঁটিনাটি দায়দায়িত্ব চাপিয়ে মনমেজাজ করছে তিতকুটে, দিবারাত্রি খিটখিট, তুচ্ছ কারণে বাচ্চাদের ধরে দমাদ্দম পেটানো সবই চলছে। গোল্লায় পাঠাচ্ছে এমন চমৎকার দাম্পত্য-জীবনটিকে।
মেয়েরা চাকরি করলে দায়িত্ব যে আরও বাড়ে, জানা কথা। কিন্তু হোমমেকারদেরই বা কী এমন আরাম মেলে? বড় বড় কাজের কথা ছেড়েই দিলাম। খুচরো কাজের মধ্যে সকালবেলায় অ্যালার্ম ক্লক-এর কাজ করা, কর্তার অফিস বেরোনোর আগে হারানো মোজা-রুমাল খুঁজে দেওয়া, অফিসের চাপ পড়লে ভোকাল টনিক দেওয়া, বাচ্চাদের হাজার উটকো বায়নাক্কা সামলানো, শ্বশুর-শাশুড়ির মেজাজ বিগড়োলে ঠান্ডা মাথায় তাদের সামলে সংসারের শান্তি অক্ষুণ্ণ রাখা, আপদবিপদে মহামায়ার মতো পরিবারকে রক্ষা করা আরও মনে করাতে হবে?
কিন্তু মেয়েরা যে দু’হাতে হাজার হাতের দায়িত্ব নেয়, সেই অতি পরিচিত কথাটাই ফের মনে করিয়ে লাভ কী বলুন? বরং কী করে পুরুষ সদস্যটিকেও বাড়ির কাজে ঢোকানো যায়, তা নিয়ে মনের মধ্যে নাড়াঘাঁটা করলে সমাধান মিলতে পারে। কথাটা এক বাক্যে শেষ। কাজটা কিন্তু বেজায় পরিশ্রমের। সংসার যে দু’জনেরই আর তাই কাজটাও যে খানিক মিলেজুলেই করা প্রয়োজন এই হাজার বার শোনা কথাটা তাদের সামনে বলতে যান, এমন ভেবলে যাওয়া মুখে তাকিয়ে থাকবে, যেন আপনি তাকে ফতুয়া পরে এভারেস্টে চড়তে বলছেন।
তা এ হেন অলস মানুষদের দিয়ে ঘরকন্নার কাজ করাবেন কী করে? একটা সহজ সমাধান তো হাতের কাছেই মজুত। সরাসরি স্বামীকে বলুন। মুখে সাহায্যের জন্য বলবেন না, এ দিকে মন কষাকষি হলেই সেই নিয়ে খোঁচা দেবেন, এটা কিন্তু কোনও কাজের কথা নয়। প্রয়োজন হলে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন, আপনি কেন এই কাজ একা করতে পারছেন না। তবে সময়টা এখানে খুব জরুরি। কর্তা বাড়ি ফিরে সবেমাত্র ল্যাপটপটা নিয়ে বসেছেন বা তক্ষুণি একটা তুমুল ঝগড়া শেষ হয়েছে, ঠিক সেই সময়ই তেতো খাওয়া মুখে কাজের ফিরিস্তি ধরালে আরও একটা কুরুক্ষেত্র বাধতে দেরি হবে না। তাই, একটু সময় হাতে রেখে হালকা মেজাজ আছে কিনা দেখে তবেই এগোন। আর হ্যাঁ, সোজা কথা কোনও জবাব নেই। তাই এর আগে আপনি কবে কী বলেছিলেন, আর সেই কাজটা কেন মোটেই সিরিয়াসলি নেওয়া হয়নি এমন সব হিসেবপত্তর নিয়ে বসলে কিন্তু শেষমেশ কিছুই হাসিল হবে না। বরং উল্টোটা করে দেখতে পারেন। এন্তার বরের কাজের প্রশংসা করুন। আপনি যে কত সাহায্য তার কাছ থেকে পান, সেটা বলে দেখুন, কার্যোদ্ধার হবেই। মানছি, সারা দিন কাজের পরেও আপনি আপনার প্রাপ্য প্রশংসাটুকুও হয়তো পান না। কিন্তু দায়টা তো এখন আপনারই। তাই ইনসেনটিভ হিসেবে খানিক প্রশংসা খরচ করতে পারলে ক্ষতি তো কিছু নেই! আসলে বেশির ভাগই পুরুষই খুব গুছিয়ে ঘরকন্না করতে পারে না। তবু যেটুকু পাওয়া যায়, তাতে একটু ‘বাহ্! দারুণ! চমৎকার!’ গোছের শব্দ প্রয়োগ করলে তারাও খুশি হবে, আর কিছুটা হলেও আপনার কাজের সামাল দেওয়া যাবে।
ছবি: সুমন চৌধুরী
কাজ এক বার মিটে গেলেই আর পায় কে! এ বার আপনি খুটুর খুটুর করে তার ভুলগুলো বের করতে বসলেন। এই চুলচেরা বিশ্লেষণ না-ই বা করলেন! আসলে বাড়ির কাজ তো এক বারে মেটার নয়। এ তো রোজকার দায়িত্ব। এক দিনে তার কতটুকুই বা সুরাহা হবে? আপনাকে তো ভবিষ্যৎটাও ভাবতে হবে। বর যে যে কাজ করবে, সব একেবারে আপনার মনের মতো হবে বাড়াবাড়ি চিন্তা। ভুল হতেই পারে। সাদা, রঙিন সব জামাকাপড় এক সঙ্গে ওয়াশিং মেশিনে কাচতে গিয়ে এর রং ওর ঘাড়ে লাগতেই পারে। সেটা নিয়ে বাড়ি মাথায় না করে ঠান্ডা মাথায় দেখিয়ে দিন কোন কোন জিনিস এক সঙ্গে কাচা যেতে পারে। আর হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনি যে ভাবে করেন, ঠিক সেই ভাবে তাঁকেও করতে হবে, না করলেই প্রলয়, এমন হলে কাজের উৎসাহটাই হারিয়ে যাবে। আপনি খাওয়ার আগে পেপার ন্যাপকিন দিয়ে দু’বার প্লেট মোছেন। আপনার বর প্রতি বার তা না-ও করতে পারেন। এটুকু মেনে নিন।
আর একটা কথা জানেন তো যে, বাড়ির কাজকে ঠিক আধাআধি ভাগ করা চলে না? ‘আমি সারা দিন এই এই কাজ করে যাচ্ছি, তাই তোমাকেও এই কাজগুলো করতে হবে’ এটা বলতে গেলে ভুল করবেন। ফ্ল্যাটের ইনস্টলমেন্টটা কি ঠিক আধাআধি ভাগ করতে পারেন? বা বেড়াতে যাওয়ার সময় ট্যাক্সির বিলগুলো? এখানেও তা-ই। একটু বেশি কাজ না হয় আপনাকেই করতে হল। বরং সরাসরি কাজ অর্ধেক করার চেয়ে টোনটা এমন রাখতে পারেন, যাতে মনে হয় আপনার উপায় নেই, তাই এটা ওঁকে করতে হচ্ছে। যেমন তরকারিটা গ্যাসে বসানো আছে বলেই আপনি ওঁকে জল ভরতে বলছেন।
আপনি কাজ ভাগ করেছেন। স্বামীর ওপর দায়িত্ব পড়েছে ছেলেমেয়েকে ইংরেজি শেখানো। তিনি কোনও দিন সেটা না করে রান্না করতে চাইলেন। আবার উল্টোটাও হতে পারে। আপনার রান্না করতে ভাল লাগছে না বলে আপনি পড়াতে বসতে চাইছেন। আলোচনা করে কাজটা উল্টে নিন। আপনার বা আপনার স্বামীর পছন্দ না হলেও সে কাজ করতেই হবে এমন কোনও লিখিত চুক্তি হয়েছে কি? বাধ্যবাধকতা হয়ে দাঁড়ালেই কাজে চূড়ান্ত বিরক্তি আসে। তাতে মন বসে না। আর আপনাদের দু’জনেরই কোনও একটা কাজ ভাল না লাগলে? বিকল্প খুঁজে ফেলুন। খাবারটা বাইরে থেকে আনিয়ে নিন বা ছেলেমেয়েকে এক দিন পড়া থেকে রেহাই দিয়ে সবাই মিলে দারুণ একটা মুভি দেখে ফেলুন।
এই যে এত কিছু নিয়ে আলোচনা, এর কোনও দরকারই হবে না আপনার স্বামী মানুষটি চটপটে হলে। কিন্তু তিনি যদি স্বভাবকুঁড়ে গোছের লোক হন, তা হলে ধৈর্য ধরতেই হবে। যিনি এক গ্লাস জল গড়িয়ে কোনও দিন খাননি, তিনি হঠাৎ করেই বাচ্চাদের টিফিন বানানো থেকে শুরু করে ঘর পরিষ্কার পর্যন্ত সব একাহাতে সামলে নেবে, এমনটা সিনেমায় হতে পারে, বাস্তবে নয়। তাই অল্প অল্প করে সইয়ে সইয়ে কাজ করতে দিন। সাততাড়াতাড়ি স্বভাব বদল করতে যাবেন না।
অনেক সময় হুট করে অনেকটা কাজ ঘাড়ে এসে পড়লে এত হিসেবনিকেশ করে দু’জনে ঠান্ডা মাথায় কাজ ভাগ করে করা যায় না, ঠিকই। কিন্তু তাই বলে, সবটা নিজের ওপর নিয়ে, তার পর সময় মতো শেষ করতে না পেরে টেনশন, অশান্তি দুই-ই ক্রমাগত বাড়িয়ে চলার কোনও মানে নেই। তার চেয়ে সপ্তাহের গোড়ায় দু’জন বসে সারা সপ্তাহে কী কী কাজ করতে হবে, তার মোটামুটি একটা প্ল্যান বানিয়ে সেই মতো কাজ ভাগ করে নিন। লিস্টটা বরং বরকেই বানাতে দিন। তাতে আপনার কাজের একটা আন্দাজ অন্তত তিনি পাবেন।

Monday, September 17, 2012

সংস্কৃত অতনু বর্মণ


সংস্কৃত

অতনু বর্মণ


ফরফর করে কেউ ইংরাজি বললে আমবাঙালি যেমন তার দিকে সমীহ করে তাকায়, একদা সংস্কৃত ভাষাটির ছিল সেই দাপট। অং বং চং বলা পণ্ডিতের কদর ছিল সর্বত্র। অধুনা ভাষাটি সংস্মৃত হলে কী হয়, অন্নপ্রাশন থেকে পিণ্ডদান পর্যন্ত এই ভাষার উপস্থিতি এখনও অটুট। ঠাকুরমশাই যা বলেন, অর্থ না বুঝেই তা আওড়ে যাওয়া বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। ফি-বছর মহালয়ায় বাঙালি রেডিওতে ব্যাটারি লাগায়, কেউ কেউ রেডিওটাই কিনে আনে বাড়িতে। তারপর সারা বছর সেটায় পিঁপড়ে ডিম পাড়ে, মাকড়সা জাল বোনে এবং মহালয়ার আগের দিন তাকে চেক-আপে নিয়ে যাওয়া হয়। দোকানদার বলে, ‘এ আর চলবে না, একটা নতুন নিয়ে নিন, কতই বা দাম’! পুজোয় নতুন জামা, নতুন জুতোর মতোই বহু বাড়িতে নতুন রেডিও কেনা হয় ‘যা দেবী সর্বভূতেষু’ শুনবে বলে।
অর্থ না বুঝলে কী হয়, অর্থ বানিয়ে নিতে বাঙালির ধারেকাছে আসবে না কেউ। সেই কবে শিব্রাম চকরবরতি মশাই ‘কাকস্য পরিবেদনা’-র স্বকৃত অর্থ করেছিলেন- ‘কাকে বেদানা খাচ্ছে’, সেই রীতি আজও বহমান। দেশগাঁয়ে বড়-বাইরেকে বলা হয় বাহ্যে যাওয়া। আমাদের শ্যামাদাস বহুদিন জানত যে, ‘বহ্বারম্ভে লঘুক্রিয়া’ মানে বাহ্য করার পূর্বে অনুষ্ঠিত লঘু ক্রিয়াগুলির কথা বলা হচ্ছে। জানি না ‘এহ বাহ্য’ বলতে সে কী বুঝতো!
ছোটবেলায় ঠাকুমার কাছে শোনা একটা গল্প মনে পড়ে গেল। গাঁয়ের মাতব্বর পালমশাইয়ের ঘরে লক্ষ্মী বাঁধা, যদিও তার তিনকুলে কেউ সরস্বতীর স্পর্শলাভ করেনি। এহেন পালমশাই গেছেন বদ্যিবাড়ি। কবিরাজ পালমশাইয়ের নাড়ি ধরেই চোখ বন্ধ করে বলে গেলেন-‘ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ম মহাদ্যুতিম, ধ্বন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম’। কবিরাজ যে সূর্যপ্রণামের মন্ত্র জপলেন, সে বোঝা তো পালের সাধ্য নয়। পাল ঘাবড়ে গিয়ে বলল, ‘কী বলছেন কোবরেজমশাই, কিছুই তো বুঝতে লারলম, টুকচি বুঝাইন দ্যান’। কবিরাজ তখন বুঝিয়ে বললেন, ‘ওঁ জবাকুসুম মানে তোর চোখ জবাফুলের মতো লাল হয়েছে। সঙ্কাশং মানে সঙ্গে কাশিও আছে শুধু নয়, কাশ্যপেয়ম মহাদ্যুতিম অর্থাৎ খুব ঘন ঘন কাশি হচ্ছে। ধ্বন্তারিং সর্বপাপঘ্ন অর্থাৎ আমি সব রোগের ধন্বন্তরি। প্রণতস্মি দিবাকরম মানে প্রণামীটা আগে দে বাবা’!
আমাদের অল্পবিস্তর সকলেরই ধারণা যে, সংস্কৃত মানেই অনুস্বারের বাড়বাড়ন্ত। অং বং চং সহ হিং টিং ছট প্রভৃতি নানান কিসিমের বাকবিন্যাসে আমরা এক একজন সংস্কৃত পণ্ডিত। রঙচঙ মেখে হংকং ঘুরে আসা থেকে ক্রিংক্রিং সাইকেল, ঢং-ঢং ঘন্টা, এমনকি কাবলিওলার হিং অথবা সিনেমায় কিং কং- সবই আমার সংস্কৃত মনে হয়।
এই সূত্রে আবার ঠাকুমার ঝুলি এবং আবার একটি গপ্পো। পদ্মলোচন পিতৃমাতৃহীন। খুড়ো আর খুড়িমার নয়নের মণি। নিরক্ষর খুড়ো আদরের পদ্মলোচনকে ভর্তি করেছিলেন পণ্ডিতের টোলে। এদিকে পদ্মলোচনের মোটেও বিদ্যায় রুচি নেই। তার ধারণা, ‘বিদ্যাস্থানে ভয়ে বচ’। কোনওক্রমে বছর ঘুরতেই টোলফেরত ভাইপো বাড়ি ফিরছে শুনেই খুড়ো সেঁধিয়েছেন খাটের তলায়। পণ্ডিত ভাইপোর সঙ্গে নিরক্ষর খুড়ো কথা বলবে কী করে! এদিকে গুণধর ভাইপো ঘরে ঢুকেই বলল, ‘খুড়িং খুড়িং, খুড়োং কোথাং’? সরলা খুড়িমা গালে হাত দিয়ে ভাবতে বসলেন, ‘অনুস্বার লাগালে যদি সংস্কৃত হয়/তবে কেন খুড়ো তোমার খাটের তলায় রয়’।
এগুলো গল্পই। যদিও গল্প হলেও মেসেজটি পরিষ্কার। সংস্কৃত ভাষাটির অনুসারী দুই প্রকার। প্রথম পক্ষ হল তারা, যারা সংস্কৃত বোঝে না। আর দ্বিতীয় পক্ষ হল তারা, যারা একটু বেশি বোঝে। যারা বোঝে না, তাদের নিয়ে গন্ডগোল কম। তারা অনুস্বার লাগিয়ে মজা করে আর যারা বেশি বোঝে তাদেরকে নিয়েই মুশকিল। এরা সবকিছুকে সংস্কৃতের গর্ভজাত করে প্রমাণ করতে না পারলে শান্ত হয় না। একইরকম এক বেশি বোঝা সংস্কৃত পণ্ডিতের দাবি যে, দার্জিলিং শব্দটির উৎস নাকি ‘দুর্জয় লিঙ্গ’ শব্দ থেকে। কে যে কোথা থেকে এসেছে- দেবা ন জানন্তি। বৈদিক ভাষাকে সংস্কার করার ফলে যা দাঁড়াল, তারই নাম ছিল সংস্কৃত। কালে কালে যাকে আমরা বহিষ্কার করেছি এবং ভাষাটি এখন বহিষ্কৃত। ভাষাটির পোশাকি নাম দেবভাষা। দেবদেবীর ভাষা নিয়ে মানুষের কী বা কাজ! অন্তঃসারশূন্য বাঙালি তাই সংস্কৃতকে বরণ করেছে একটিমাত্র বর্ণে- ‘অনুস্বার’। বর্ণকে কোমল করে যদি বরণ হয়, তাহলে কি মর্ণ থেকে আগত- চন্দরা কহিল- ‘মরণ’।

Sunday, September 2, 2012

গঙ্গা-ভ্রমন ও ইলিশ-উৎসব / দেবাশিষ কাঞ্জিলাল ।

গঙ্গা-ভ্রমন ও ইলিশ-উৎসব
--------------------------------          
২/৯/২০১২  দেবাশিষ কাঞ্জিলাল ।
---------------
আজ সকালে আমাকে আর ঈশানচন্দ্রকে নিয়ে আমার পালিকা নৌ-ভ্রমনে গেছিলেন।
সঙ্গে ছিল আমার বড় মেয়ে-জামাই, দেবশ্রী ও রাজীব। আর ছিল কাজল,যে আমার দুই মেয়ে দেবশ্রী ও রাজশ্রীকে শিশুকাল থেকে পালন করেছে এবং এখন আমাদের বাঁচিয়ে রেখেছে। আর ছিল মৌসুমী নামে এক বালিকা,যে এখন ঈশান-পালিকা !
শুধু ছোট মেয়ে-জামাই, রাজশ্রী-প্রনব ছিল না বলে আমাদের বৃত্ত অসম্পূর্ণ থাকার এক দুঃখ খুব কষ্ট দিয়েছে আমাদের !

সেই গঙ্গা ভ্রমন শেষ করে একটু আগে ফিরলুম। 
ফেয়ারলি প্লেসের ঘাট থেকে ছাড়ল লঞ্চ বেলা দশটা নাগাদ। প্রায় আশিজন আমরা একসঙ্গে। যে সংস্থাটি আমাদের নিয়ে এই ভ্রমনের আয়োজন করেছে, Travel Plus Howrah, তার ব্যবস্থাপকেরা প্রথমে শুরু করলেন আমাদের পারস্পরিক পরিচিতি জানাতে। 
এই অনুষ্ঠানের অন্যতম অজুহাত ছিল ইলিশ। তাই তাঁরা এর নাম দিয়েছিলেন 'ইলিশ-উৎসব' ! 
লঞ্চের পিছনে রান্নার আয়োজন, আর সামনে দু'পাশে আমরা বসে শুনছি গান,মাইক্রোফোনে। সে গান ছড়িয়ে যাচ্ছিল লঞ্চের বাইরেও, হয়তোপৌঁছে যাচ্ছিলো গঙ্গার দু পাড়ে ! 

লঞ্চ চলেছে, চলছে গান, quiz,নানা প্রতিযোগিতা। আমি সেই quiz এ প্রেমেন্দ্র মিত্রর ঘনাদার প্রথম গল্পের নাম 'মশা' বলে দিয়ে, ফাঁকতালে একটি প্রাইজ পেয়ে গেলুম ! আসলে দীপায়ন নামে প্রশ্নকারী যখন প্রশ্নটি করেছিলো, সেই সময়ে আমার পায়ে একটি মশা কামড়াচ্ছিলো, তাই খুব আস্তে বলেছিলুম , 'কি মশা' ! 
ব্যস, সেই মূহূর্তেই দীপায়ন,'সঠিক উত্তর' বলে আমার হাতে প্রাইজের পেনটি তুলে দিলে, আর সব লোক মহা হাততালি দিতে লাগলে, আর আমার কিছু বলাই হল না !
পরে আমি যখন দীপায়নকে আলাদা করে ব্যাপারটি বোঝাতে গেলুম যে ওই প্রাইজ আসলে আমাকে কামড়ানো সেই মশাটিরই পাওয়া উচিত, সে শুধু হাসতে লাগল, আর আমার ফোন নম্বর, ইমেল আইডি এইসব নিলে। মনে হল সে বোধহয় আমাকে একটু 'cultivate' করতে চায় ! 

কিন্তু ঈশানচন্দ্রের বোধহয় এইসব খুব একটা পছন্দ নয়,তাই সে 'নীচে জলে...নীচে জলে' বলে ,তাকে নিয়ে জলে নামতে আমাকে প্ররোচিত করেই চলল ! তখন সেই হাঙ্গামায় বাধ্য হয়ে, নীচের বদলে তাকে নিয়ে ওপরে হুইল-হাউসে উঠলুম লোহার সিঁড়ি বেয়ে। এইখানে কাঁচের ঘরে যে ভদ্রলোক হুইল চালাচ্ছিলেন, তাঁর সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সখ্য পাতিয়ে সে একটু হুইলও ঘুরিয়ে নিলে মহাখুসী হয়ে ! 

এ দিকে দু'সপ্তাহ আগে ঈশানচন্দ্র পুরীতে তার আড়াই বছরের দীর্ঘ জীবনে প্রথম একসঙ্গে এত জল দেখে এসেছে ,আর সাগর চিনেছে। স্বাভাবিক ভাবেই সে আজ নদীকে সমুদ্র বলতে শুরু করেছিল। যখন তাকে বললুম,এ হল গঙ্গা, তখন প্রথমে তার একটু আপত্তির ভাব ছিল। পরে অবিশ্যি সে আপত্তি আর খুব একটি ছিল না তার।
আজ সে নৌকো চিনল, মাঝি, মাঝধরার জাল, আরো অনেক কিছু জানলে। 

আর তার হাতের একটি খেলনা টিয়াপাখি, যেটি তার মা বেলুড় মঠে নেমে এনে দিয়েছিল সবে, সেটিকে, যেমন করে সে তার মা-বাবার বই দশতলার থেকে নীচে ফেলে দেয়, সেই ভাবেই গঙ্গায় বিসর্জন দিয়ে খুব আমোদ পেয়েছে !আর তার এই কীর্তিতে যেই তার মা রেগে গেছে, সঙ্গে সঙ্গে যথারীতি, সে তার সুরেলা গলায় আমায় বকতে শুরু করেছে,' দাদা, তুমি পাখি জলে ফেলে দিইইইলেএএএ ক্যায়ায়ানোওওওও ~~ ? 

লঞ্চ চলেছে গঙ্গার বুকের মাঝখান দিয়ে। ডানদিকে পড়ল নানা সব ঘাট। নিমতলা ঘাট দেখে আমার জীবনের একমাত্র ঠাকুরের স্মৃতি মনে এল। এটিই ছিল তাঁর জীবনের শেষ ষ্টেশন। বাঁদিকে উত্তরপাড়া, ভদ্রেশ্বর, নানা ঘাট, কত দুরে সব গাছপালা ছবি যেন, ল্যান্ডস্কেপ।
এবার এসে পৌছলুম বেলুড় মঠের ঘাটে। নোঙ্গর পড়লো জলে।

আরেকটি ঘটনা চোখে পড়ল আজ এই নৌ-ভ্রমনের সুবাদে। লঞ্চ যখন চলেছে মাঝখান দিয়ে দু' পাড়কে বড়ো সুন্দর দেখিয়েছে ছবির মতই। শুধু যখনি কোন পাড়ের কাছে গেছে, সেই পাড়কে দেখিয়েছে বড় কুশ্রী, আর উল্টোদিক বড়োই মনোময় সবুজ ! অথচ কত বড় এক মিথ্যে এটি ! আমাদের জীবন-নদীতেও যখন বয়ে যাই আমরা, তখনো এই ঘটনাই ঘটে বোধহয় !

এবার ইলিশ-উৎসব শুরু। ইলিশের মাথা দিয়ে কচুর শাক, তেলের সঙ্গে ইলিশ-ভাজা, শর্ষে-ইলিশ,দই-ইলিশ,ইত্যাদি ইত্যাদি,ইলিশের পরাকাষ্ঠা ! আমার সেই সব রূপোলী-সুন্দরীদের জন্য এত মন খারাপ হল, আমি তাদের স্মৃতিতে শর্ষে-ইলিশ খেলুমই না, মনের দু;খে ! সবাই তাই শুনে আমাকে খুব বাহা বাহা করতে লাগল। আমি ভাবছিলুম, এই সুযোগে যদি সবাইকে দিয়ে ইলিশ-সুন্দরীদের আত্মার প্রতি দু' মিনিটের নীরবতা পালন করানো যায়, তা'হলে দু'শো মজা হবে ! কিন্তু আমার পালিকা ,যিনি আমায় নিয়ে সর্বদাই সন্দিহান থাকেন যে আমি কখন কি করে বসি, তিনি বোধহয় কিছু আঁচ করে ,তাড়াতাড়ি খেয়ে ওঠার আদেশ জারী করলেন। আমার এই সৎ উদ্যোগ একেবারেই মাঠে মারা গেল ! আর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আমার মেয়ে , কানে কানে চুপিচুপি এসে বলে গেল ,'তোমার শর্ষেতে Allergy বলে তুমি শর্ষে-ইলিশ খেলে না, আর তাই নিয়ে সবাইকে এমন নাচালে' ! সেই 'ঘরের শত্রু বিভীষন' বলে ইংরিজিতে একটা কথা আছে না, তার মানে এখন আবার বুঝতে পারলুম নতুন করে।

এদিকে ঈশানচন্দ্র আবার হুইল-হাউসে যাবার বায়না শুরু করেছে। আবার তাকে নিয়ে চললুম ওপরে। সেখানে চালক-ভদ্রলোক ছিলেন না, নীচে খেতে নেমেছেন বোধহয়। তবে তাঁর দুটি ছোটো ছেলে-মেয়ে মহানন্দে হুইলটি ঘোরাচ্ছিল ! আমি দেখে আঁৎকে উঠে তাদের এই প্রয়াস থেকে বিরত করতে চাইলুম, যাতে তাঁরা কিছু অঘটন না ঘটায়। তাতে তাঁরা নির্বিকার ভাবে জানিয়ে দিলে যে আমার জলযান সম্পর্কে নাকি আদৌ বিন্দুমাত্র ধারনা নেই, তাঁরা এই কর্ম প্রায়ই করে থাকে, এবং তাতে আজ পর্যন্ত কোন মহাভারত অশুদ্ধ হয় নি ! তাদের কথার প্রত্যয় দেখে আমার আত্মবিশ্বাস আজ টলে গেল। কেন জানি না, মনে হতে লাগল, সত্যিই আমি বোধহয় বিজ্ঞান ও ইঞ্জিনীয়ারিং বিষয়গুলি সত্যিই কিছু জানি না ! এই ব্যপারে অবিশ্যি আমার নিজেরই বরাবর একটি সন্দেহ ছিল, আজ এই শিশুরা আমার সেই সন্দেহ যে সঠিক তা প্রমান করে আমাকে একেবারে চিন্তামুক্ত করে খুব খুসি করে দিলে ! 

এই শিশুদুটি তার পরে মহা উৎসাহে আমাকে নৌ-বিজ্ঞান সম্পর্কে এমন চিত্তাকর্ষক বহুকিছু শেখালে ,যা সারা জীবনে কোন ইঞ্জিনীয়ারিং বইতে পাওয়া যাবে না। তাঁরা এও জানালে, এগুলি তাঁরা জন্মগত সূত্রেই জেনেছে ! তাদের সঙ্গে আমার আর ঈশানচন্দ্রের এমন বন্ধুত্ব হয়ে গেল, তাঁরা আর আমাদের ছাড়তে চাইলে না, তারাও আমাদের সঙ্গে নীচে নামলে !

এরপর সূর্যদেব তাঁর সাত-ঘোড়ার রথে শুরু করলেন দিগন্তের দিকে যাত্রা। আমাদেরও শুরু হল ফেরা। ঊঠল নোঙ্গর, বন্দরের কাল হল শেষ !

ফেরার পথে ঈশানচন্দ্র তেমন কিছু আর করে নি। শুধু ,আমরা যখন কোল্ড-ড্রিঙ্কস খাচ্ছিলুম, তখন 'আমাল গোলা বেথা,আমায় কোল-ডিঙ্কস দাও ' বলে সামান্য হামলা করে ঠিক আমার কাছ থেকে তা' আদায় করে খেয়ে, আমাকে একটু বকুনি খাইয়েছে !

এরপরে এসে নামলুম আবার ফেয়ারলির ঘাটে, তারপরে বাড়িতে ফেরৎ । ঈশানচন্দ্র চলে গেল তার বাড়ীতে, কাল আবার তার স্কুল আছে তো, তাই ! 

আমি এখন সেই মেঘ-পিওন, যার ব্যাগে মন-খারাপ থাকে দিস্তা দিস্তা, বিকেলে ঈশানচন্দ্র চলে যাবার পরে যার মন খারাপ হয়ে কুয়াশা হয়েছিল, তা' এখন ব্যাকুল হয়ে তিস্তার মত বইছে তার মনে !